চ্যাম্পিয়ন্স লিগে বার্সার বিপক্ষে অনিশ্চিত নেইমার
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-১১ ২০:৩৭:৫১

চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচে এলেই যেন ইনজুরিতে পড়েন পিএসজির তারকা নেইমার। এর আগে দলবদলের রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজি এসে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় বড় ম্যাচের আগে ছিটকে যান নেইমার।
পরের মৌসুমে বাঁচা-মরার লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইনজুরির কারণে খেলা হয়নি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। তবে সর্বশেষ মৌসুমে অবশ্য ইনজুরি মুক্ত ছিলেন সাবেক সান্তোস তারকা।
তাতেই এমবাপ্পের সঙ্গে জুটি গড়ে প্যারিসের দলটিকে ফাইনালে তোলেন নেইমার। নতুন মৌসুমে তাই তার কাছে দলের প্রত্যাশা ছিল বেশি। নেইমারও নিয়েছিলেন নতুন চ্যালেঞ্জ। কিন্তু চ্যাম্পিয়নস লিগে ১৬ ফেব্রুয়ারি রাতে শেষ ষোলোর লড়াইয়ে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন তিনি।
স্প্যানিশ সংবাদ মাধ্যম গোল জানিয়েছে, কাতালানদের বিপক্ষে ব্রাজিলিয়ান তারকা খেলতে পারবেন কি-না এখনই বলা যাচ্ছে না। কোপা দি ফ্রান্সের ম্যাচে কায়েনের বিপক্ষে ৬৪ মিনিটে ইনজুরিতে পড়েন নেইমার। ১-০ গোলে জয়ের চেয়ে তাই নেইমারের ইনজুরি দলকে চিন্তা দিয়েছে বেশি।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












