
সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২য় টেস্টে ব্যাটসমানদের দায়িত্বজ্ঞানহীনতায় ভয়াবহ বিপর্যয়ে পড়া বাংলাদেশ দল প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জও জানাতে পারবে বলেই মনে হচ্ছিল।
প্রথমে ব্যাট করে সংগ্রহ করা ক্যারিবীয়দের ৪০৯ রানের জবাবে ১৫৫ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বসেছিল টাইগাররা। ছিল ফলোঅনের শঙ্কাও। তবে সেই শঙ্কা সহজেই দূর করেছেন লিটন দাস আর মেহেদি হাসান মিরাজ। দুর্দান্ত জুটিতে দলকে ফলোঅন থেকে বাঁচানোই শুধু নয়, লড়াইয়েও ফিরিয়েছেন তারা।
সপ্তম উইকেটে ৩৮.৪ ওভার কাটিয়ে দিয়েছেন লিটন-মিরাজ। এই যুগল অবিচ্ছিন্ন আছেন ১১৭ রানে। তাদের দুর্দান্ত ব্যাটিংয়েই তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।
৬ উইকেটে ২৭২ রান নিয়ে চা-বিরতিতে গেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থেকে ১৩৭ রানে পিছিয়ে স্বাগতিক দল। লিটন-মিরাজ দুজনই হাফসেঞ্চুরি পেয়েছেন।
ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি তুলে লিটন অপরাজিত আছেন ৬৬ রানে। মিরাজ পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। তিনি ৫৩ রান নিয়ে ব্যাট করছেন। তাদের ব্যাটেই ঢাকা টেস্টে এখন বড় কিছুর স্বপ্ন টাইগারদের।
সানবিডি/এনজে