
ব্যাটিং ব্যর্থতায় ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।দল হারলে খেলোয়াড়দের অর্জন ঢাকা পড়ে যায়। যার মুখে থাকতে পারতো চওড়া হাসি, তার মুখটাই হয়ে পড়ে বিষাদে মলিন।
মেহেদি হাসান মিরাজের যেমন হয়েছে। ব্যাটে-বলে দুর্দান্ত এক সিরিজ উপহার দিয়েছেন এই অলরাউন্ডার। কিন্তু মুখে তার হাসি নেই, হাতে নেই কোনো পুরস্কার। পরাজিত দলে থাকলে যে কোনো অর্জনই ‘বড়’ হয় না!
ভুলে যাওয়ার মতো একটি টেস্ট সিরিজ কাটালো বাংলাদেশ। নিজেদের মাঠেই অপেক্ষাকৃত খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা হারলো ২-০ ব্যবধানে। অথচ এই সিরিজে ফলটা একদম উল্টোও হতে পারতো।
চট্টগ্রাম টেস্টে প্রথম চারদিন দাপট দেখিয়ে পঞ্চম দিনে এসে হেরেছে বাংলাদেশ। ঢাকাতে টেস্টটি পাঁচদিনে না গড়ালেও চতুর্থ দিনেই জয়ের ভালো সম্ভাবনা ছিল টাইগারদের। কিন্তু খুব কাছে এসে তারা হেরে গেছে ১৭ রানে।
সানবিডি/এনজে