
ঢাকা টেস্টে চতুর্থ ইনিংসে ২৩১ তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। ১৭ রানে হেরেছেন স্বাগতিকরা। অথচ চট্টগ্রামে চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের লক্ষ্য তাড়া করে ঠিকই জিতে গেল ওয়েস্ট ইন্ডিজ।
তবে কী মিরপুর শেরেবাংলার উইকেটে রান করা খুবই কঠিন? জবাবে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল জানালেন, চার দিন ব্যাটিংয়ের জন্য উইকেটকে কঠিন মনে হয়নি।
তবে কেন ঢাকা টেস্ট হেরে এভাবে হোয়াইটওয়াশ হলেন তারা। এ লজ্জার হারের পেছনে কোন কোন কারণ খুঁজে পেয়েছেন তিনি? একবাক্যে মুমিনুলের জবাব, ব্যাটিং ব্যর্থতার কারণে হেরেছে বাংলাদেশ।
রোববার ম্যাচশেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল ব্যর্থতার কারণ ব্যাখ্যায় বলেন, ‘কঠিন ভাগ্য বলতেই হয়। যেই রানটা ছিল সেটি তাড়া করা যেত। কিন্তু টপঅর্ডার থেকে মিডলঅর্ডার ভেঙে পড়ার কারণে রান তাড়া করতে পারিনি। ব্যাটিংয়ে আমরা ভেঙে পড়েছি। সেখান থেকে আমরা ফিরতে পারিনি। প্রথম কিংবা দ্বিতীয় ইনিংস দুটোতেই এ ব্যর্থতা ছিল।’
উইকেট কি ব্যাটসম্যান সহায়ক ছিল না প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ব্যাটিং খুব কঠিন মনে হয়নি আমার। আর আন্তর্জাতিক ক্রিকেটে একটু কঠিন উইকেট থাকলে, সেটি মানিয়ে নিতে হবে। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। কর্নওয়াল কিছু বাউন্স পেয়েছে তার উচ্চতার জন্য। সেটা আমাদের মানিয়ে নেওয়া উচিত ছিল। কিন্তু আমরা করতে পারিনি। ফলে দ্বিতীয় টেস্টটা হাত থেকে চলে গেছে।’
চট্টগ্রাম টেস্টে পরাজয়কে অবিশ্বাস্য মনে হয়েছিল মুমিনুলের। তবে ঢাকা টেস্টে পরাজয় তার কাছে অবিশ্বাস্য লাগছে না।
বললেন, ‘অবিশ্বাস্য না। দ্বিতীয় ইনিংসে আমাদের বোলাররা খুব ভালো বল করে ম্যাচ বের করে এনেছিল। পরে ব্যাটিংয়ে তামিম ভাই, সৌম্য যেভাবে শুরু করেছিল, তখন মনে হয়েছিল আমরা খেলায় ছিলাম।
কিন্তু হঠাৎ দুই-তিনটা উইকেট পড়ে যাওয়াতে আমরা একটু পিছিয়ে পড়ি। শেষের দিকে মিরাজ খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছিল। মাঝখানে একটু উল্টোপাল্টা হয়ে গেছে, যার কারণে আমরা ফিরতে পারিনি।’