ইলিশের জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চলতি (২০২০-২০২১) অর্থবছরে ২৬ হাজার ৩০৫.২০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার। দেশের ২০ জেলার জাটকা সম্পৃক্ত ৯৮টি উপজেলায় ৩ লাখ ২৮ হাজার ৮১৫টি জেলে পরিবারকে খাদ্য সহায়তা দিতে এ বরাদ্দ দেওয়া হয়।
এর আওতায় ১ম ধাপে ফেব্রুয়ারি-মার্চ দুই মাস প্রতিটি নিবন্ধিত ও কার্ডধারী জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে (২ মাসে ৮০ কেজি) চাল দেওয়া হচ্ছে।
আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত আদেশ জারি করেছে। ভিজিএফ চাল ২২ মার্চ ২০২১ তারিখের মধ্যে যথানিয়মে উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সানবিডি/এনজে