
যেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে একাই হারিয়ে দিলেন বিশ্বকাপ জয়ী ফ্রেঞ্চ তারকা ফুটবলার এমবাপ্পে।বার্সা বনাম পিএসজির হাইভোল্টেজ ম্যাচে গুনে গুনে করলেন তিনটি গোল। অপর গোলটি করেন মইস কিন। বার্সার হার ৪-১ গোলে। বার্সার পক্ষে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল বার্সেলোনাই। প্রথমার্ধের ২৮ মিনিটে লিওনেল মেসির গোলে নিজেদের ঘরের মাঠে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। তখন মনে হচ্ছিল নেইমার-দি মারিয়াবিহীন পিএসজিকে বেশ হেসেখেলেই হারিয়ে দেবে তাঁরা। সঙ্গে লিগের দুর্দান্ত ফর্মে থাকার সাহসটা তো ছিলই।
কিন্তু এই ম্যাচে পিএসজির তুরুপের তাস এমবাপ্পে যে ছিলেন! পিএসজির সবচেয়ে বড় তারকা কে? এই প্রশ্নে এখনও সিংহভাগ মানুষ নেইমারের কথাই বলেন। এমবাপ্পে বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হলেও অনেকের চোখেই এই ফরাসি স্ট্রাইকার নেইমারের ‘ডেপুটি।’তবে নেইমার নন, তিনিই যে পিএসজির বর্তমান ও ভবিষ্যৎ, সেটা দেখানোর উপলক্ষ্য।
বার্সা সুপারস্টার মেসি ২৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিলেও আরেকবার মেসিকে দর্শক বানিয়ে মাঠের মধ্যে সাফল্যের উৎসব করলেন এমবাপ্পে। ঠিক যেমনটা করেছিলেন ২০১৮ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে, মেসির আর্জেন্টিনার বিপক্ষে। এমবাপ্পে-আগুনে আরও একবার পুড়ে ছারখার হলো লিওনেল মেসির দল। তাঁর হ্যাটট্রিকেই ৪-১ গোলে ন্যু ক্যাম্প থেকে জিতে এসেছে পিএসজি।
সানবিডি/এনজে