আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটকে অংশগ্রহণমূলক, গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব বাজেট প্রণয়ন করতে দেশের ব্যবসায়ী শ্রেণির মতামত জানতে চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে তারা বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠানসহ দেশের বুদ্ধিজীবী মহলের কাছে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব চেয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন স্বাক্ষরিত এক চিঠিতে বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনকে তাদের নিজ নিজ বাজেট প্রস্তাব এফবিসিসিআই ও জাতীয় রাজস্ব বোর্ডে পাঠাতে বলা হয়েছে।
এই চিঠিতে বলা হয়, আগামী ৮ মার্চের মধ্যে সংগঠনগুলো তাদের বাজেট প্রস্তাব দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কাছে লিখিতভাবে পাঠাতে পারবে। একই সঙ্গে প্রস্তাবের আরেকটি সফটকপি ই-মেইলের মাধ্যমে nbrbudget2021@gmail.com এ এনবিআরের প্রথম সচিব (কর আপীল ও অব্যাহতি) ও প্রধান বাজেট সমন্বয়কারী মো. গোলাম কবীর বরাবর পাঠাতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ড প্রাপ্ত এই প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। এছাড়া যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দফতর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয় তারাও সরাসরি এই ইমেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবেন।
সানবিডি/এনজে