বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাতে সৌদি আরবের বিনিয়োগকারীদের স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি।বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুলাইহান বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করলে প্রতিমন্ত্রী এ কথা জানান।
আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।
এসময় মাহবুব আলী বলেন, সৌদি বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের পর্যটন উন্নয়নে একত্রে কাজ করাটা হবে আনন্দের। একইসঙ্গে আমরা এভিয়েশন শিল্পের উন্নয়নেও একত্রে কাজ করতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।
সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে দেশটির বিনিয়োগকারীরা প্রায় ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী, এছাড়া দেশটির বিনিয়োগকারীরা বাংলাদেশের পর্যটন শিল্পে বিনিয়োগ করতে খুবই আগ্রহী। এছাড়াও এভিয়েশন শিল্পের উন্নয়নে সৌদি আরব বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।
সানবিডি/এনজে