

আসন্ন নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। এছাড়া দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার আল আমিন হোসেন। সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও স্পিনার তাইজুল ইসলাম।
আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরে বিশ্বকাপ সুপার লিগের অধীনে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ মার্চ থেকে। সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। সিরিজের প্রথম ওয়ানডে হবে ডানেডিনে, দ্বিতীয়টি হবে ক্রাইস্টচার্চে আর শেষটি হবে ওয়েলিংটনে।
এই ক্রাইস্টচার্চেই সবশেষ নিউজিল্যান্ড সফরে খেলার কথা ছিল বাংলাদেশের। ওই টেস্টের আগে ক্রাইস্টচার্চের একটি মসজিদে হামলা হলে টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফিরে আসে বাংলাদেশ দল।
আসন্ন সফরে ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টোয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল। প্রথম ম্যাচটি হবে হ্যামিল্টনে, দ্বিতীয়টি নেপিয়ারে, শেষটি অকল্যান্ডে।
নিউজিল্যান্ড সিরিজের দল: তামিম ইকবাল (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদী হাসান ও নাসুম আহমেদ।