সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদের পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৬ নং ওয়ার্ডের সাবেক নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খানের সহধর্মিণী মোছাঃ হাছিনা খাতুন (হাসি) ডালিম প্রতীক নিয়ে কাউন্সিলর পদে মোট ৫৫০৪ ভোট পেয়ে জয় লাভ করেন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮ থেকে বিকেলে ৪ টা পর্যন্ত শান্তিপুর্ণভাবে এ ওয়ার্ডের ভোটাররা সুষ্ঠভাবে ভোট প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৬ই জানুয়ারী সিরাজগঞ্জ পৌরসভার মেয়র এবং কাউন্সিলর পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে পৌরসভার ৬নং ওয়ার্ডে ডালিম মার্কা প্রতীকে অংশগ্রহনকারী তরিকুল ইসলাম খান ৮৫ ভোটের ব্যবধানে বেসরকারীভাবে নির্বাচিত হন।
নির্বাচিত হওয়ার ফলাফল ঘোষনার কিছুক্ষণ পর মামলা অনুযায়ী পরাজিত প্রার্থী শাহাদাৎ হোসেন বুদ্দিনের সমর্থকরা নব-নির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দ্রুত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদরের একটি বেসরকারী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এরপরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য ঘোষনা করা হয়।