
ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ২৪১ কোটি ৪১ লাখ ৫৬ হাজার ৪৩১ টাকা। একইসাথে এ উন্নয়ন প্রকল্পের পূর্ত কাজের ঠিকাদার নিয়োগে দুইটি পৃথক প্রস্তাবেরও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (২৪ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এক ভার্চুয়াল বৈঠকে ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার সাংবাদিকদের জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতর কর্তৃক ‘ভোলা (পরান তালুকদারহাট)-চরফ্যাশন (চরমানিকা) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নং- পিডব্লিউ-০৩-এর পূর্ত কাজ যৌথভাবে (১) মো. ময়েনুদ্দিন (বাঁশি) লিমিটেড এবং (২) নবারুন ট্রেডার্স লিমিটেডের কাছ থেকে ১২২ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ৫৯০ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।
তিনি বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতর কর্তৃক ‘ভোলা (পরান তালুকদারহাট)-চরফ্যাশন (চরমানিকা) আঞ্চলিক সহাসড়ক উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নং-পিডব্লিউ-০৬-এর পূর্ত কাজ যৌথভাবে (১) মো. বদরুল ইকবাল লিমিটেড (২) হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড এবং (৩) ওয়েস্টার কন্সট্রাকশন অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের কাছ থেকে ১১৮ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার ৮৪১ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এ এ