
কলেজের সামনে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে এক ছাত্রকে গুলি করেছে স্থানীয় দুর্বৃত্তরা। ওই ছাত্রের নাম নাইমুর রশিদ নাদিম। সে আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বাবার নাম হারুন অর রশিদ। কলাবাগানের ৯ নম্বর সার্কুলার রোডে তার বাসা।
শনিবার দুপুরে সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের সামনেই এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তার বাম পায়ে গুলি করে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
নাদিমের সহপাঠি কাউসার আলম বাংলামেইলকে জানান, দুইদিন আগে কলেজের সামনে চায়ের দোকানে বসা নিয়ে কথা কাটাকাটি হয় কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র পলকের সঙ্গে। তারই জের ধরে শনিবার পলক সাইফ হোসেন রোমন নামের বহিরাগত এক সন্ত্রাসীসহ আরো কয়েকজনকে নিয়ে কলেজের সামনে অবস্থান নেয়।
একপর্যায়ে নাদিমের উপর তারা হামলা চালায়। এসময় নাদিমের বাম পায়ে গুলি করে রোমন নামের বহিরাগত ওই সন্ত্রাসী। এতে গুরুতর আহত হয় নাদিম। পরে তার সহপাঠিরা তাকে ঢামেকে নিয়ে আসে।
এদিকে কলাবাগান থানার এসআই ফয়সাল জানিয়েছেন, এ ধরনের ঘটনার কথা তার এখনো জানেন না।