রোববার, ১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি নেতা আর এ গনি আর নেই
প্রকাশিত - জানুয়ারী ১৫, ২০১৬ ১২:১৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ড. আর এ গনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি এক ছেলে, তিন মেয়ে, আত্মীয়-স্বজন, ও বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপি'র এই প্রবীণ নেতা কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে নেয়া হয় স্কয়ার হাসপাতালে। এরপর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেয়ার কথা ছিল আর এ গণিকে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বিদেশে নেয়া সম্ভব হয়নি। পরে তাকে ওই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। গত ১৩ জানুয়ারি বুধবার রাত ১০টায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।
পরিবার ও দলীয় সূত্র জানায়, রাতে স্কয়ার হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা হয়। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তার লাশ নিজ বাসভবনে আনা হয়। বাদ জুমা ধানমণ্ডির ঈদগাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ২টা ৩০ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।
ড. গণির আমেরিকা প্রবাসী বড় মেয়ে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি আসার পর বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
উল্লেখ্য, জিয়াউর রহমানের সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন ড. আর এ গনি।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.