
২০২১-২২ অর্থবছরে প্রক্ষেপণ অনুযায়ী দেশের বৈদেশিক রিজার্ভ হবে ৪৮ দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলার। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
নতুন অর্থবছরের প্রক্ষেপণে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হবে ৪৮ দশমিক ৩৭ বিলিয়ন ডলার এবং চলতি অর্থবছরের সংশোধিত হিসাব অনুযায়ী বছর শেষে ৪৪ বিলিয়ন ডলার হবে বৈদেশিক রিজার্ভ। চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় রিজার্ভ নির্ধারণ করা হয়েছিল ৪৪ দশমিক ২০ বিলিয়ন ডলার।
নতুন অর্থবছরে ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ শীর্ষক প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি হতে যাচ্ছে ৫০তম এ বাজেটে। আলোচিত এ বাজেটে অনুদানসহ ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা, যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অনুদান বাদ দিলে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।
সানবিডি/এএ