আগৈলঝাড়ায় সহপাঠির হাতে স্কুল ছাত্র নিহত!
প্রকাশ: ২০১৬-০১-১৬ ২০:০২:৫৬

বরিশালের আগৈলঝাড়ায় সহপাঠীর আঘাতে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত ছাত্রের ক্ষুব্ধ স্বজনদের হামলায় ওই স্কুলের এক শিক্ষককে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুর মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশু ছাত্রের পরিবার ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার ফুল্লশ্রী গ্রামের ব্যবসায়ী বাদল পাইকের ছেলে সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র স্বাধীন পাইকের সাথে মঙ্গলবার স্কুল চলাকালীন সময়ে একই ক্লাশের ছাত্র দেলোয়ার হোসেনের ছেলে শাহীনের মারামারির ঘটনা ঘটে। এসময় শাহীনের হাতে স্বাধীন মাথায় ও চোখে আঘাতপ্রাপ্ত হয়। পরে বমি শুরু হলে স্বাধীনের পরিবার তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করেন। শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার হাসপাতালে ভর্তির আগেই স্বাধীন মারা যায়।
শাহীনের বাবা দেলোয়ার মারা যাওয়ার পর তার মা শাহীনুর বেগম ওমানে অবস্থান করায় নানা কুব্বত আলী বেপারীর ফুল্লশ্রীর বাড়িতে থেকে লেখাপড়া করত। স্বাধীনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে ম্যানেজিং কমিটির সভাপতি আ. রইচ সেরনিয়াবাত কয়েকজন স্কুল শিক্ষকসহ শুক্রবার রাতেই স্বাধীনের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানাতে গেলে স্কুল শিক্ষক রতন হালদারকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় মৃতের ক্ষুব্ধ স্বজনেরা তার উপর হামলা চালায়।
হামলায় শিক্ষক রতন গুরুতর আহত হলে প্রাথমিকভাবে রাতেই তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য গতকাল শনিবার বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গতকাল শনিবার সকালে স্বাধীনের লাশ বাড়িতে এসে পৌঁছলে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরে সকাল ১১টায় সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাধীনের জানাজায় মানুষের ঢল নামে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ব্যাপারে ওসি মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, এব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













