
মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের চেষ্টায় সোমবার (৭ জুন) সকাল ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল ইসলাম।
এর আগে ভোর ৪টার দিকে ভয়াবহ এ আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে আরও বাড়ানো হয় ইউনিটের সংখ্যা।
এদিকে আগুন লাগার পরপরই নিজেদের জানমাল নিয়ে কোনো মতে ঘর ছেড়েছেন বস্তির বাসিন্দারা। বস্তির সামনের রাস্তায় জিনিসপত্র নিয়ে অবস্থান করছেন তারা। এপর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অনেক দূর থেকেই সাততলা বস্তিতে লাগা আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছিল। অন্যদিকে উৎসুক জনতার কারণে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হিমশিম খেতে হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দফতর সূত্র জানায়, এর আগে ২০১২, ২০১৫ ও ২০১৬ সালে ডিসেম্বরে এবং ২০২০ সালের ২৪ নভেম্বর মহাখালীর এই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাজধানীর মহাখালীর সাততলা বস্তির অগ্নিকাণ্ডের সূত্রপাত প্রসঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেছেন, আগুন ছড়িয়ে পড়ার সব উপাদানই বস্তিতে ছিল।
তিনি বলেন, ‘এই বস্তি সম্পূর্ণ অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এখানে অবৈধ গ্যাস ও বিদুৎ সংযোগও রয়েছে। ধারণা করা হচ্ছে- গ্যাস বা বিদুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত।’