করোনার টিকা দিতে না পারায় চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাঁচ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী ফিরে যেতে পারছেন না। গত দেড় বছরেরও বেশি সময় ধরে তারা দেশে আটকে আছেন। তাদের দ্রুত ভ্যাক্সিনের আওতায় নিয়ে এসে চীনে ফিরে যেতে সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন ভূক্তভোগী শিক্ষার্থীরা।
সোমবার (১১ জুন) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত চীনে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা মানববন্ধনে এ সব দাবি করেন।
চীনে ফিরতে ইচ্ছুক শিক্ষার্থীদের তিন দফা দাবি হল:
১. পূর্ব ঘোষণা অনুযায়ী ভ্যাক্সিনের অগগ্রাধিকারে রেখে দ্রুত ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসতে হবে।
২. দীর্ঘ ৭ মাস যাবৎ বন্ধ থাকা চীনে গমনেচ্ছু বাংলাদেশী নাগরিকদের সকল ভিসা পুনরায় চালু করতে হবে।
৩. চীনা এম্বাসি ও পররাষ্ট্রমন্ত্রণলয়ের সাথে আলোচনা করে বাংলাদেশী শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টারের মধ্যেই চীনে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, চীনে আমরা যেসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি সেখান থেকে সাফ জানিয়ে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে হলে করোনার দুই ডোজ টিকা নিয়েই ফিরতে হবে। আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের কাছে সশরীরে দেখা করে সমস্যার কথা জানিয়ে আবেদন এবং সমস্যা তুলে ধরে সংবাদ সম্মেলন করলেও আমাদেরকে অগ্রাধিকার তালিকায় রাখা হয়নি।