
জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে আবেদন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। সেই আবেদনটি অর্থ বিভাগের কাছে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত চিঠি গত রোববার (২০ জুন) অর্থ বিভাগের সিনিয়র সচিবের বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের আবেদনে উল্লেখিত আর্থিক দাবি বাস্তবায়নের বিষয় যথাবিধি ব্যবস্থা নিতে আবেদনের ছায়ালিপি পাঠানো হলো।
চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাজ্জাদুল হাসান বলেন, জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বেতন-ভাতা বাড়নোর জন্য তারা আবেদন করেছিলেন। আমরা সে আবেদন অর্থ বিভাগে পাঠিয়েছি।
কর্মকর্তারা বলছেন, কোনো দাবি নিয়ে আবেদন করা হলে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির চিঠিও অর্থ বিভাগে পাঠানো হয়েছে। এখন অর্থ বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সানবিডি/এএ