রোববার, ১ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর শিক্ষক সমিতির স্মারকলিপি
প্রকাশিত - জানুয়ারী ১৮, ২০১৬ ৩:১৬ পিএম

কোন রকম শর্ত ছাড়াই বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অষ্টম জাতীয় পে-স্কেলে অর্ন্তভূক্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির চার সদস্যের প্রতিনিধি দল।
সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি পেশ করতে সমিতির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন- বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবুবকর সিদ্দিক, সাধাধরণ সম্পাদক মো. আবুল কাশেম, সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া।
এর আগে সমাবেশে সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, ‘অষ্টম জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন বাস্তবায়নে সরকার টালবাহানা করছে। অষ্টম বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে আমরা আন্দোলন করে আসছি। কিন্তু এরই মধ্যে ২০ ডিসেম্বর এমপিওভুক্ত শিক্ষা-প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম সার্বিকভাবে পর্যালোচনা করে সরকার একটি প্রজ্ঞাপন জারি করে। যাতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অনুদান সহায়তা প্রদানের মতো জঘন্য বিষয় লিপিবদ্ধ করা হয়েছে।’
শিক্ষকরা কোন ভিক্ষুক নয় যে ‘অনুদান সহায়তা’ দিতে হবে উল্লেখ করে আবুল কাশেম বলেন, 'অষ্টম বেতন স্কেল বাস্তবায়নের নামে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেটার ভাষা অত্যন্ত ঘৃণ্য। এটা ভিক্ষা দেওয়ার শামিল। আমরা কোন ভিক্ষুক নয়, আমরা ন্যায্য বেতন পেতে চায়।'
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রী অষ্টম বেতন স্কেলে আমাদের অন্তর্ভুক্ত করবেন বলেও আশা প্রকাশ করেন শিক্ষক সমিতির এ নেতা।
সমাবেশে উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কামেশ, সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, অধ্যক্ষ আবুল কাশেম ও শিক্ষক অলোক ঘোষ প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.