রাবিতে শিক্ষকদের অবস্থান ধর্মঘট পালন
প্রকাশ: ২০১৬-০১-১৮ ১৬:৪৩:২৭

দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলনের অংশ হিসেবে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (রাবিশিস)। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সকাল ১১ থেকে ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে রাবিশিস সভাপতি বলেন, ঘোষিত ৮ম জাতীয় বেতন স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদাকে অবনমন করে সচিবদের উন্নীত করা হয়েছে সুপার গ্রেডে। আমরা যে মর্যাদা ছিলো তা শুধু ফিরিয়ে পেতে চাই। শিক্ষক সমিতি কখনো চায়নি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকুক। কিন্তু আমাদের বাধ্য করা হচ্ছে। আমাদের এই যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আন্দোলন থেকে ফিরে যাবো না।
এসময় রাবিশিস সাধারণ সম্পাদক বলেন, আমরা গত ২ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত শিক্ষকদের দাবিগুলো পুনর্বিবেচনার জন্য সময় দিয়েছিলাম। কিন্তু আলোচনার জন্য কোন প্রস্তাব আসেনি। ফলে আমরা লাগাতার কর্মসূচি দিয়েছি। আমরা সচিবদের সাথে তুলনা করছিনা। আমরা সচিবদের তৈরি করি। আমাদের দাবি নতুন পে-কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রদান করতে হবে।
১৯৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী নতুন নিয়োগের মাধ্যমে অধ্যাপকদের নিয়োগ প্রদান করা হয়। আর একজন অধ্যাপক হতে গেলে বিশ্ববিদ্যালয়ে ১৩-১৪ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং কয়েকটি গবেষণাপত্রসহ পিএইচডি ডিগ্রি থাকতে হয়। আমাদের মর্যাদাকে অবনমন করা হয়েছে। আমরা তা ফিরে পেতে চাই।
অবস্থান কর্মসূচিতে প্রায় দেড়শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













