দাবি মেনে নিলে কাল থেকে ক্লাস শুরু

আপডেট: ২০১৬-০১-১৮ ১৮:৪৪:৩৮


University.Teacherঅবশেষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের  নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। এ বৈঠকে যদি প্রধানমন্ত্রী শিক্ষকদের দাবি মেনে নেন তাহলে আগামীকাল থেকে ক্লাস-পরীক্ষা শুরু হতে পারে একটি সূত্র সানবিডি২৪.কমকে নিশ্চিত করেছে।

সোমবার সন্ধ্যায় গণভবনে এ বৈঠক শুরু হয়েছে। আর এখান থেকে সুষ্ঠু সমাধান বেরিয়ে আসবে এমনটাই দাবি আন্দোলনরত শিক্ষকদের।

জানা গেছে, মোট পাঁচ জন শিক্ষক নেতা বৈঠকে উপস্থিত রয়েছেন। এদের মধ্যে শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ড. ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব এএসএম মাকসুদ কামালসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কয়েকজন নেতা রয়েছেন।

উল্লেখ্য, মর্যাদা ও বেতন প্রশ্নে বিভিন্ন পর্যায়ে আন্দোলনের পর ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করে আসছেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত ২ জানুয়ারি এই লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা এ কর্মসূচি পালন করছেন। এ সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছাও পোষণ করেছিলেন তারা।

সানবিডি/ঢাকা/এসএস