সারা দেশের জেলা পরিষদগুলোতে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে স্থানীয় সরকার বিভাগ। এরই আলোকে জেলা পরিষদের নির্বাচনের পর প্রথম সভার কার্যবিবরণী পাঠাতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
আজ ২৯ জুন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তানভীর আজম সিদ্দিকী সই করা চিঠি সকল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জেলা পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সদস্যদের পরবর্তী নির্বাচনের সময়সূচি নির্ধারণের সুবিধার্থে বর্তমান পরিষদের প্রথম সভার কার্যবিবরণী আগামী ৩০ জুনের মধ্যে পাঠাতে হবে।
সূত্র মতে, এই চিঠি ইতোমধ্যে চাঁদপুর জেলাসহ দেশের সকল জেলাগুতে পাঠানো হয়েছে। এই চিঠির মাধ্যমেই জেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু।
জেলা পরিষদের নির্বাচনের বিষয়ে চাঁদপুর জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জানতে চাওয়া হয়েছে জেলা পরিষদের নির্বাচনের পর প্রথম সভা হয়েছিলো কত তারিখ। তা আগামী ২০ জুনের মধ্যে জানাতে বলা হয়েছে। চাঁদপুর জেলা পরিষদের নির্বাচনের পর প্রথম সভা হয়েছিল ২০১৭ সালের ২৫ জানুয়ারি। আমার মনে হয় এই চিঠির মাধ্যমে জেলা পরিষদের নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে।