
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয়দিনে বিনা কারণে বের হওয়ায় রাজধানীতে ৩২০ জন গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আর ট্রাফিক আইন অমান্য করা ও গাড়ি নিয়ে বিনা কারণে বাইরে বের হওয়ায় ৬৮টি গাড়ির মালিককে প্রায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২ জুলাই) লকডাউনের দ্বিতীয়দিনে অভিযানে ডিএমপির ৮টি বিভাগ এসব আইনি ব্যবস্থা নেয়। সন্ধ্যায় এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, ‘লকডাউননের নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় সারাদিনে গ্রেফতার হয়েছেন ৩২০ জন। এরমধ্যে ২০৮ জনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেয়া হয়। আর ট্রাফিক আইন অমান্য করা ও গাড়ি নিয়ে বিনা কারণে বাইরে বের হওয়ায় ৬৮ জনকে ৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।’
এর আগে কঠোর লকডাউনের প্রথমদিনে বৃহস্পতিবার (১ জুলাই) রাজধানীতে ২৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়। আর জরিমানা করা হয় ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি জরিমানা আদায় করা হয় গুলশান বিভাগ থেকে। মামলা দেয়া হয় ২১টি গাড়ির এবং জরিমানা করা হয় ৮৯ হাজার টাকা।
এছাড়া রমনা বিভাগে ৪৫টি গাড়ির মামলায় জরিমানা করা হয় ৭৯ হাজার ৩৫০ টাকা। লালবাগ বিভাগে ৩৭টি গাড়ির মামলায় জরিমানা ৪৮ হাজার টাকা, মতিঝিল বিভাগে ২৮টি গাড়ির মামলায় জরিমানা ৬০ হাজার ২০০ টাকা, ওয়ারী বিভাগে ১৫টি গাড়ির মামলায় জরিমানা ৭০ হাজার টাকা, তেজগাঁও বিভাগে ১২টি গাড়ির মামলায় জরিমানা ২৩ হাজার ৮০০ টাকা এবং উত্তরা বিভাগে ১৮টি গাড়ির মামলায় জরিমানা করা হয় ৬৭ হাজার ৭০০ টাকা।
সানবিডি/এএ