রাজধানীর মিরপুর থেকে অপহরণের ১০ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী জাহিদ হাসানের (রাজু)। জাহিদ হাসান রাজুর বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে।
জাহিদ মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষে মিরপুরে বন্ধুদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। গত ২৪ জুন রাতে এশার নামাজ পড়তে যাওয়ার সময় ২/৩ জন লোক তাকে অপহরণ করে নিয়ে যায়।
আজ রবিবার বরগুনা প্রেসক্লাবে জাহিদ হাসান রাজুর মা আকলিমা বেগম এবং স্ত্রী হাফসা আক্তারসহ পরিবারের সদস্যরা তার সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা জানান, রাজুকে মুক্তি দিতে অপহরণকারীরা ইতোমধ্যে কয়েকবার তাদের কাছে টাকা দাবি করেছে। তারা বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকাও নিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে জাহিদ হাসান রাজুর মা আকলিমা বেগম বলেন, ছেলের সন্ধান চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছি। ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও এখনো তার সন্ধান পাইনি।
সানবিডি/আরএইচ