দেশজুড়ে প্রকট আকার ধারণ করছে প্রাণঘাতি করোনাভাইরাসে।বর্তমানে করোনা আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীদের অর্ধেকেরও বেশি গ্রামের মানুষ। করোনার তীব্রতা অনেক বেশি হলে তারপর হাসপাতালে আসছেন এসব রোগীরা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ সব কথা জানিয়েছেন।
আজ সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অনুষ্ঠিত এক সভা শেষে উপস্থিত সাংবাদিকদের আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ সব কথা জানান।
তিনি বলেন, এখন বর্ষার মৌসুম। অনেকেই করোনাভাইরাসে সংক্রমিত হলেও সাধারণ সর্দি–জ্বর বা কাশিতে আক্রান্ত বলে ধরে নিচ্ছেন। পরীক্ষা করাচ্ছেন না, বা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না। পরে রোগের তীব্রতা বাড়লে হাসপাতালে আসছেন। তখন তাদের ৫০ শতাংশেরও বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছে। রোববার ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে এসব বিষয়ে জানতে পেরেছি।
সানবিডি/এনজে