বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভা বিকেলে
আপডেট: ২০১৬-০১-১৯ ১৪:১৬:৫০

দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের বর্তমান অবস্থান সম্পর্কে জানাতে এবং পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার বিকেলে সভা আহ্বান করেছে শিক্ষক সমিতি ফেডারেশন।
ফেডারেশনের মহাসচিব এ.এস.এম. মাকসুদ কামাল বলেন, আজ বিকেল ৫টায় সভায় পর আমাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানানো হবে।
লাগাতার কর্মবিরতির অষ্টম দিনে গতকাল সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্দোলনরত শিক্ষকনেতারা। দাবি পূরণের আশ্বাস দিয়ে আন্দোলনরত ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
গতকাল বিকেলে অন্যান্য শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি শিক্ষকনেতাদেরও গণভবনে পিঠা উৎসবে দাওয়াত দেন প্রধানমন্ত্রী। সেখানে পিঠা উৎসবের একপর্যায়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, মহাসচিব এ.এস.এম. মাকসুদ কামালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষকনেতার সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। প্রায় দেড় ঘণ্টা ধরে এই বৈঠক চলে। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও অর্থসচিব মাহবুব আহমেদও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যাতে গ্রেড-৩ থেকে গ্রেড-১-এ যেতে পারেন, তার সোপান তৈরি করা হবে। অন্য দাবিগুলো পর্যালোচনা করে পূরণ করা হবে। নিজেদের ফোরামে আলোচনার মাধ্যমে শিগগির ক্লাসে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষকনেতারা।
প্রসঙ্গত, নতুন বেতন স্কেলে গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে ফেডারেশনের ডাকে গত ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের এক দিন আগে গত রোববার শিক্ষাসচিবের কাছে লিখিত প্রস্তাবও দেন শিক্ষকেরা। এতে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মোট অধ্যাপকের মধ্য থেকে ৫ শতাংশকে ডিস্টিঙ্গুইশড (বিশিষ্ট বা সম্মানিত) অধ্যাপক করার প্রস্তাব দেন শিক্ষকেরা। এই পদের মূল বেতন হবে জ্যেষ্ঠ সচিবের সমান। একইসঙ্গে আগের মতো মোট অধ্যাপকের মধ্য থেকে ২৫ শতাংশকে গ্রেড-১ করাসহ কিছু বিকল্প প্রস্তাবও দিয়েছেন তারা।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













