রাজধানীতে সক্রিয় ছিনতাইকারীদের থানাওয়ারী তালিকা হালনাগাদ করেছে ডিএমপি। এতে প্রায় ছয়শত ছিনতাইকারীর নাম পরিচয় পাওয়া গেছে। এদের প্রত্যেকের নাম, পিতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা ও বেশ কয়েকজনের মোবাইল নম্বরসহ তালিকা ডিএমপিতে জমা দিয়েছে রাজধানীর থানাগুলো।
পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নানের ফোন ছিনতাইয়ের পর রাজধানীর ছিনতাই পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবছে পুলিশ। বিশেষ করে পেশাদার ছিনতাইকারীদের ধরতে শিগগিরই মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ডিএমপির হালনাগাদ করা পেশাদার ছিনতাইকারীদের তালিকার একটি কপি সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, রাজধানীতে সবচেয়ে বেশি ছিনতাইকারী তালিকাভুক্ত হয়েছে ভাটারা থানায়। যার সংখ্যা ৩৪ জন। এছাড়া মিরপুর, উত্তরা, শাহবাগ, পুরান ঢাকা এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য রয়েছে।
রাজধানীর সবচেয়ে কম ছিনতাইপ্রবণ এলাকার মধ্যে রাজধানীর উত্তরখান এবং দক্ষিণখান অন্যতম। এ এলাকায় মাত্র ৩ জন ছিনতাইকারীর নাম পেয়েছে পুলিশ। সব মিলিয়ে ঢাকায় তালিকাভুক্ত ছিনতাইকারীর সংখ্যা ৫৮৪ জন। এদের মধ্যে কেউ অজ্ঞান পার্টি, কেউ মলম পার্টি কেউবা সালাম পার্টির সদস্য। ছিনতাইকারীদের একটি বড় অংশ পেশাদার মাদকসেবী হিসাবে পুলিশের তালিকাভুক্ত।
সানবিডি/আরএইচ