নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজিব গ্রুপের প্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের খাদ্যপণ্য সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যুর ঘটনায় পুলিশের দায়েরকৃত হত্যা মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেমসহ ৮ জনের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার (১০ জুলাই) বিকেলে আসামীদের নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন এর আদালতে হাজির করা হলে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান ইসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ ওই আট জনের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করলে আদালত ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’
এর আগে, অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার (১০জুলাই) দুপুরে সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম (৭০), হাসিব বিন হাশেম (৩৯), তারেক ইব্রাহিম (৩৫), তাওসীব ইব্রাহিম (৩৩), তানজীম ইব্রাহীম (২১), শাহান শাহ আজাদ (৪৩), মামুনুর রশিদ (৫৪) ও মো. সালাউদ্দিনকে (৩০) গ্রেপ্তার করা হয়।
ইতোমধ্যে অগ্নিকাণ্ডের উদ্ধারকাজ শেষ হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপপরিচালক দেবাশীষ বর্ধন। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস আজ বিকেল ৫টা ২০ মিনিটে পুলিশ ও কারখানার কর্মকর্তাদের কাছে সবকিছু বুঝিয়ে দিয়েছে।’
সানবিডি/আরএইচ