বর্ধিত ভর্তি ফি প্রত্যাহার না করলে ব্যাংক অবরোধের ঘোষণা জাবি ছাত্রফ্রন্টের
প্রকাশ: ২০১৬-০১-১৯ ২১:৩০:০৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন বিভাগের বর্ধিত বিভাগ উন্নয়ন ফি প্রত্যাহার না হলে আগামী ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা অগ্রণী ব্যাংক অবরোধের ঘোষণা দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখা।
মঙ্গলবার দুপুরে ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মাসুক হেলাল অনিক ও সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, “বছর বছর নামে-বেনামে এই ফি বৃদ্ধি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, শিক্ষাকে নিয়ে ইউজিসির মাধ্যমে শাষক গোষ্ঠীর যে পরিকল্পনা তারই ধারাবাহিক বাস্তবায়ন এটি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই প্রতিষ্ঠানকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করার প্রতিযোগিতায় নেমেছে।”
বিবৃতিতে আরো বলা হয়, “চলতি বছর ‘বিভাগ উন্নয়ন ফি’র নামে অর্থনীতি বিভাগে দুই হাজার পাচঁশ টাকা, রসায়ন ও প্রাণিবিজ্ঞান বিভাগে দুই হাজার টাকা, আর্ন্তজাতিক সম্পর্ক, ভূগোল ও পরিবেশ বিভাগে এক হাজার টাকা এবং লোক প্রশাসন ও নৃবিজ্ঞান বিভাগে ৫০০ টাকা করে ফি বাড়ানো হয়েছে।”
এছাড়া বায়োটেকনোলজি ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘কুপন ফি’ এর নামে দুই হাজার টাকা, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ‘ছাত্র সংসদ ফি’ এর নামে এক হাজার টাকা বাড়ানো হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।
বর্ধিত এসব বিভাগ উন্নয়ন ফি প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, “আমরা এই ‘অবৈধ’ ফি প্রত্যাহারের দাবিতে গত ৫ জানুয়ারি মিছিল ও ১৩ জানুয়ারি উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করি। এরপর গত ১৮ জানুয়ারি উপাচার্যের সঙ্গে দেখা করে বর্ধিত ফি প্রত্যারের দাবি জানালে উপাচার্য আমাদেরকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে প্রতিশ্রুতি দেন।”
“আগামী ২৫ জানুয়ারির মধ্যে উপাচার্যের এই সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে পূর্বঘোষিত আগামী ২৬ জানুয়ারি ব্যাংক অবরোধ কর্মসূচী পালন করা হবে।”
ব্যাংক অবরোধে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-শিক্ষক-কর্মচারীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয় বিবৃতিতে।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













