রাবিতে হল সভাপতিসহ দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার
প্রকাশ: ২০১৬-০১-১৯ ২১:৪৫:৪৮
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শাহ মাখদুম হলের সভাপতি ও সহ-সভাপতিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু এ তথ্য নিশ্চিত করেছেন। ছাত্রলীগের এক কর্মীকে মারধরের ঘটনায় তাদেরকে বহিস্কার করা হয়।
রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নিজ সংগঠনের কর্মীকে হয়রানি করার অভিযোগে শাহ মাখদুম হলের সভাপতি আরিফ বিন জহির ও সহ-সভাপতি রেজওয়ানুল হক হৃদয়কে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত তারা সংগঠনের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। তবে ভবিষ্যতে তাদের কার্যক্রম যদি সন্তোষজনক হয় তাহলে কার্যনির্বাহী কমিটির সভায় তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।’
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী ফজলুল হক ক্যাম্পাস থেকে নবাব আব্দুল লতিফ হলের দিকে যাচ্ছিলেন। এ সময় শাহ মখদুম হলের সহ-সভাপতি রেজওয়ানুল হক হৃদয়ও হলের পাশে সুইমিং পুলের সামনে দিয়ে তার বান্ধবীর সঙ্গে যাচ্ছিল। হৃদয় তার বান্ধবীর দিকে তাকানোর কারণে ফজলুল হককে মারধর করে। পরে সেখানে শাহ্ মাখদুম হলের সভাপতি আরিফ বিন জহিরও উপস্থিত হন।
সাময়িক বহিষ্কারের বিষয়ে শাহ্ মাখদুম হলের সভাপতি আরিফ বিন জহির বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিষ্কারের ঘটনা দুঃখজনক। তিনি বলেন, ‘আমি সেখানে সময়মত উপস্থিত না হলে বড় কোনো ঘটনা হতে পারতো। ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদক আমাদের অভিভাবক, তাদের সিদ্ধান্ত আমি মাথা পেতে নিতে বাধ্য।’
তবে এ বিষয়ে সহ-সভাপতি হৃদয়ের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













