
কঠোর বিধিনিষেধের ১১তম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছেন ৭০৮ জন। ১৮৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ৫ লাখ ৩৮ হাজার ৬৮০ টাকা।
এছাড়া ট্রাফিক বিভাগ ২৪৪টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে ৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। এখন পর্যন্ত রাজধানীতে মোট গ্রেফতার হয়েছেন ৭৩৪৮ জন।
রোববার (১১ জুলাই) লকডাউনের এগারোতম দিনে অভিযানে এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির ৮টি বিভাগ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, লকডাউনের এগারোতম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৭০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ২৪৪টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।
তিনি আরও বলেন, সরকার করোনার সংক্রমণরোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে আজ এগারোতম দিনেও রাজধানীজুড়েই সক্রিয় ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও লকডাউনেও প্রতিষ্ঠান খোলা রাখায় ১৮৪ জনকে ৫ লাখ ৩৮ হাজার ৬৮০ টাকা জরিমানা করা হয়।
সানবিডি/এএ