ইরাকে একটি কোভিড হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন লেগে অন্তত ৬০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও শতাধিক মানুষ।
সোমবার (১২ জুলাই) রাতে দক্ষিণের নাসিরিয়া শহরের আল-হুসেইন হাসপাতালে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পার্সটুডের।
হাসপাতালের একটি অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হওয়ার পর ওই হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে পোড়া লাশ বের করে আনছেন উদ্ধারকর্মীদের। ভেতরে তল্লাশি চলছে।
স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিল বলেছেন, ওই ওয়ার্ডে এখনও অনেকে আটকে আছেন তাদের বেড় করার চেষ্টা চলছে। বিবিসি
ইরাকি গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন মেডিক্যাল স্টাফ, দু’জন নার্স, তিন নারী এবং ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মী রয়েছে।
এখনো বহু মানুষ হাসপাতালের ভেতরে আটকা পড়ে আছে বলে মৃতের সংখ্যা ১০০ বা তার চেয়ে বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা হাসপাতালের বাইরে বিক্ষোভ শুরু করে। সোশাল মিডিয়ায় অনেকে কর্মকর্তাদের পদত্যাগের দাবি তোলেন।
ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমি ঘটনাস্থল পরিদর্শন করতে নাসিরিয়া ছুটে গেছেন এবং সেখানে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।
পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ আল-হালবুসি এক টুইটার বার্তায় জানিয়েছেন, তিনিও মঙ্গলবার নাসিরিয়ার হাসপাতালে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণের বিষয়ে একই ধরনের বৈঠক করবেন।
চলতি বছরের গোড়ার দিকে ইরাকের রাজধানী বাগদাদের ইবনে খতিব হাসপাতালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১০ ব্যক্তির প্রাণহানি হয়েছিল।
সানবিডি/আরএইচ