
জাতীয় পার্টির (জাপা) নতুন চেয়ারম্যান হিসেবে প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ এবং দলের কো-চেয়ারম্যান হিসেবে সাবেক স্ত্রী বিদিশা এরশাদের নাম প্রস্তাব করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) বেলা ১১টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক দোয়া ও মিলাদ মাহফিলে তাদের নাম প্রস্তাব করেন এরশাদের ছেলে এরিক এরশাদ।
এ সময় রওশন-বিদিশা-সাদ-মামুনকে নিয়ে জাপার কমিটি ঘোষণা করা হয়। সভার আয়োজন করে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট।
নতুন ঘোষিত এ কমিটিতে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদকে। কো-চেয়ারম্যান করা হয় এরশাদের সাবেক সহধর্মিণী বিদিশা সিদ্দিক ও এরশাদের আরেক ছেল রাহগির আল মাহি সাদ এরশাদকে। এ সময় এরিক এরশাদ তার বক্তব্যে আরও বলেন, 'আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন রাতে বেলা আমার চাচা জিএম কাদের বাবাকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে।'
অসুস্থতাজনিত কারণে রওশন এরশাদ সভায় উপস্থিত না থাকলেও উপস্থিত ছিলেন সাদ এরশাদ। নিজের বক্তৃতায় বাবা ও মায়ের জন্য দোয়া কামনা করেন তিনি। এদিকে বিদিশা সিদ্দিক তার বক্তব্যে এরশাদকে সারা দেশের মানুষের কাছে বাঁচিয়ে রাখার অভিপ্রায়ে এরিকের ঘোষিত নেতৃত্ব অনুযায়ী সংগঠন পরিচালনা করার ঘোষণা দেন।
অন্যদিকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়া এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ তার বক্তব্যে এরশাদকে স্মরণ করেন। সেই সঙ্গে জাতির পিতা ও তার পরিবারকে স্মরণ করে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
স্মরণসভায় কাজী মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদিশা সিদ্দিক, মাহগির আল মাহি সাদ এরশাদ, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ। সভা শেষে এরিক ঘোষিত নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মীরা।
সানবিডি/এএ