জিয়ার কবর নিয়ে প্রতিহিংসা সরকারের হীনম্মন্যতার পরিচয় : মুক্তিযোদ্ধা দল
প্রকাশ: ২০১৬-০১-২০ ১৫:৫৪:৩৫

যে জাতি তার সূর্যসন্তানদের মূল্যায়ন করতে জানে না সে জাতি কখনও সম্মানের জাতি হিসেবে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এটা সর্বজন স্বীকৃত যে, শহীদ জিয়া প্রিয় স্বাধীনতার মহান ঘোষক। যার জন্ম না হলে স্বাধীনতা যুদ্ধ হতো কিনা, স্বাধীনতা পেতাম কিনা তা বিবেচ্য বিষয় বৈকি।
জীবনের সকল মায়া ত্যাগ করে যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, মৃত্যুর এত বছর পর তার কবর নিয়ে প্রতিহিংসা চরিতার্থ করা সরকারের হীনম্মন্যতার পরিচয় বহন করে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ ও সমমনা রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন। শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সরিয়ে নেওয়ার হীন চক্রান্তের খবরের পরিপ্রেক্ষিতে তারা আজ এই বিবৃতি দেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বর্তমান সরকারকে সর্তক করে দিয়ে বলেন, জিয়ার মাজার অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্তকে দেশের অতন্দ্র প্রহরী মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত দিয়ে রুখে দেবে। তারা বলেন, সরকারের এই ধরনের চক্রান্তের আশ্রয় নিয়েছে, যা প্রকারান্তরে অবরুদ্ধ রাজনীতির আগুনে ঘি ঢেলে দেয়ার সামিল। নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, সরকার ১৯৬১ সালে লুই কানের নকশার ধোয়া তুলে তা বাস্তবায়ন করার যে খোড়া যুক্তি উপস্থাপন করার যে চেষ্টা চালাচ্ছে, যা কোনোমতেই সুস্থ মানসিকতায় পরিচয় বহন করে না।
লুই কানের নকশার পরিবর্তন পরিবর্ধন এদেশের জনগণের অধিকার। এ সরকার নিশ্চয়ই ভুলে যায়নি যে, তৎকালীন সরকার ও সংসদ শহীদ জিয়ার মাজার জিয়া উদ্যানে হবে তা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছিল এবং জনগণ দ্বারা সমাদৃত হয়েছিল। এছাড়া বর্তমান স্পীকার শিরিন সারমিন চৌধুরী লুই কানের নকশার উপর মন্তব্য করতে গিয়ে বলেছেন যে, সংসদ ভবনের পাশে ক্রিসেন্ট লেকের দক্ষিণ দিকই কেবল লুই কানের নকশার অন্তর্ভুক্ত। ক্রিসেন্ট লেকের উত্তর পার্শ¦ লুইকানের নকশার আওতা-বহির্ভূত। শিরিন শারমিন দলীয় চিন্তার ঊর্ধ্বে উঠে সঠিক মন্তব্য করেছেন, এ জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।
বিবৃতিদাতারা হচ্ছেন ইসতিয়াক আজিজ উলফাত, শফিউজ্জামান খোকন, সাদেক আহম্মেদ খান, আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, কর্ণেল (অবঃ) মনীষ দেওয়ান, মেজর (অবঃ) আসাদুজ্জামান, মিজানুর রহমান বীর প্রতীক, প্রকৌশলী নজরুল ইসলাম, ড. শাহ আলম, এস এম মোস্তফা কামাল, মহিউদ্দিন আহম্মেদ শাহজাহান, এইচ আর সিদ্দিকী সাজু, কুতুবউদ্দিন আহমেদ, শাহাবুদ্দিন রেজা, কাজী নাছির আহম্মেদ, সিরাজুল ইসলাম পাটুয়ারী, মনিরুল ইসলাম ইউসুফ, আব্দুল মান্নান, নূর হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক রাজা, এ্যাড. গোলাম মোস্তফা, সানোয়ার হোসেন, আব্দুল হাকিম, শহিদুল ইসলাম চৌধুরী মিলন, মহসিন সরকার, হারুনূর রশিদ, আতিকুর রহমান, আব্দুল আহাদ, কাজী আমিনুর রহমান, অ্যাডভোকেট সুলতান আহম্মেদ মল্লিক, আব্দুল জব্বার, মহসিন আলী খান।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













