
ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি অনলাইন মার্চেন্টে পেমেন্ট স্থগিত করেছে দেশের মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। শনিবার (১৭ জুলাই) নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জনায় বিকাশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহক স্বার্থ সুরক্ষায় কয়েকটি মার্চেন্টের জন্য বিকাশ-এর পেমেন্ট গেটওয়ে সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। মার্চেন্টগুলোর মধ্যে ইভ্যালি ছাড়াও রয়েছে আলেশা মার্ট, ধামাকা শপিং, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদীনের প্রদীপ, কিউকুম, বুম বুম, আদিয়ান মার্ট ও নিডস।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রেগুলেটরি নীতিমালা অনুযায়ী পেমেন্ট ব্যবস্থা বাস্তবায়নের পর এসব মার্চেন্টের সঙ্গে পুনরায় বিকাশ পেমেন্ট সেবা চালু করা হবে।
বিষয়টি নিশ্চিত করে বিকাশ এর হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ই-কমার্সের ক্ষেত্রে রেগুলেটর প্রদত্ত পেমেন্ট বিষয়ক নীতিমালাগুলো কার্যকর করতে আমরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। এই সময়ে গ্রাহকদের স্বার্থেই কিছু মার্চেন্টের জন্য বিকাশের পেমেন্ট গেটওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রেগুলেটরের নীতিমালা অনুযায়ী পেমেন্ট সিস্টেম কার্যকর হলে বিকাশ পেমেন্ট গেটওয়ে আবারো চালু করা হবে।
সানবিডি/এএ