সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে তুলা আমদানি।দেশের বস্ত্রকল ও সুতা মিল মালিকদের কাছে পণ্যটির চাহিদা বেড়ে যাওয়ায় আমদানিতে এমন ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। এক বছরের ব্যবধানে আমদানি ৩৫ গুণ বৃদ্ধি পেয়েছে।
এ ব্যাপারে বন্দরসংশ্লিষ্টরা জানান, ২০২০-২১ অর্থবছরে এ বন্দর দিয়ে ৭৫০ কোটি ৬৫ লাখ টাকার তুলা আমদানি হয়েছে। দেশের বিভিন্ন বস্ত্রকল ও ব্যবসায়ী প্রতিষ্ঠান ভোমরা বন্দর দিয়ে এসব তুলা আমদানি করেন। বন্দরসংশ্লিষ্টরা আরো জানান, ২০১৯-২০ অর্থবছরের তুলনায় পণ্যটির আমদানি অন্তত ৩৫ গুণ বেড়েছে।
ভোমরা শুল্ক স্টেশনের জ্যেষ্ঠ রাজস্ব কর্মকর্তা আকবার আলী জানান, সদ্য বিদায়ী ২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত এ বন্দর দিয়ে তুলা আমদানি হয়েছে ৪২ হাজার ৩৭৭ টন। আমদানীকৃত এসব তুলার বাণিজ্যিক মূল্য ৭৫০ কোটি ৬৫ লাখ টাকা। ২০১৯-২০ অর্থবছরে ভোমরা স্থলবন্দর দিয়ে তুলা আমদানি করা হয়েছিল ১ হাজার ১৮৩ টন, যার মূল্য ২০ কোটি ৬৪ লাখ টাকা।
সানবিডি/এনজে