শিক্ষকদের কর্মবিরতি স্থগিত ॥ ক্লাসে ফিরল ইবি শিক্ষার্থীরা
প্রকাশ: ২০১৬-০১-২০ ১৮:০৪:১৬

দীর্ঘ ৯ দিনের কর্মবিরতি কাটিয়ে অবশেষে ক্লাসে ফিরল ইবি শিক্ষকরা। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে শিক্ষকদের অবমূল্যায়নের কারনে গত ১১ জানুয়ারি থেকে চলতে থাকা অনির্দিষ্ট কালের কর্মবিরতি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। ফলে দীর্ঘ ৯ দিন পর আজ বুধবার থেকে সচল হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, অষ্টম জাতীয় বেতন কাঠামোতে শিক্ষকদের অবোমূল্যায়ন ও পুনঃগঠনের দাবিতে দীর্ঘ ৮ মাস ধরে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সর্বশেষ গত ১১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্যে কর্মবিরতি ঘোষনা করে তারা। গত ১৮ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস পেয়ে এবং তাঁর উপর পূর্ণ আস্থা রেখে গতকাল ১৯ জানুয়ারী কর্মবিরতি স্থগিত এবং পুনরায় ক্লাস-পরীক্ষা নেয়ার ঘোষণা দেয় শিক্ষক সমিতির নেতারা। ফলে আজ বুধবার ইসলামী
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পদচরনায় আবার মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। তবে ক্যাম্পসে শিক্ষার্থীর উপস্থিতি কম লক্ষ্য করা যায়। ক্যাম্পাস ঘুরে অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা নিতে দেখা যায়।
এবিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড:অলি উল্যাহ বলেন, “বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নির্দেশ অনুযায়ী আমরাও কর্মবিরোতি স্থগিত করেছি। পরবর্তীতে আবারও যদি ফেডারেশন আন্দলোনের ডাক দেয়া হয় তাহলে তার সাথে একাত্বতা ঘোষনা করব।”







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













