
করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন- বিএফডিসিতে এ বছর পশু কোরবানি নিষিদ্ধ করা হয়েছে।
এফডিসির সহকারী পরিচালক (সিকিউরিটি ইনচার্জ) আমিনুল করিম খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এ বছর এফডিসি অভ্যন্তরে কোরবানির পশু প্রবেশ ও কোরবানির পশু জবাই কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এফডিসিতে অসচ্ছল শিল্পীদের কথা বিবেচনা করে নায়করাজ রাজ্জাক, মান্নার পক্ষ গরু কোরবানি দেয়ার রীতি বেশ পুরোনো। তবে নিজ উদ্যোগে ২০১৬ সাল থেকে নিয়মিত একাধিক গরু কোরবানি দিয়ে আসছিলেন চিত্রনায়িকা পরীমনি।
রোববার দুপুরে এফডিসিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন শুটিং ফ্লোরের দেয়াল, প্রশাসনিক ভবন ও ক্যান্টিন চত্বরে ঝুলছে নোটিস-এফডিসির অভ্যন্তরে কোরবানি দেওয়া যাবে না।
আমিনুল করিম বলেন, ‘সাত দিন আগে এফডিসির অভ্যন্তরে কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। কোরবানি দিলে একাধিক স্থানে নোংরা আবর্জনা হয়ে যায়। দুর্গন্ধ ছড়ায়। এ জন্য কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়েছে যাতে এফডিসির অভ্যন্তরে কোরবানি দেয়া না হয়। কোরবানির পশু প্রবেশ না করে।’
সানবিডি/এএ