
শুধু উদ্যোক্তা তৈরিতে নয়, নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।
রোববার (১৮ জুলাই) বিডার মাল্টিপারপাস হলে ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের সমন্বয় সভা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য মহাসিনা ইয়াসমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বিডার নির্বাহী সদস্য পারভিন আকতার, সঞ্জয় কুমার চৌধুরী, সাইফুল্লাহ মকবুল মোর্শেদ বক্তব্য দেন। এসময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিডার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ সমন্বয়কদের অভিজ্ঞতা সনদ মেডেল ও ক্রেস্ট দেওয়া হয়।
বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে, চাকরি করা নয়, চাকরি দেওয়ার মানসিকতা নিয়ে এগোতে হবে। এসময়ে তিনি প্রকল্পের অধীনে ৬৪ জেলার প্রশিক্ষক সমন্বয়কদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা বিডার মুখ হয়ে গত দুই বছরে দেশব্যাপী অনেক উদ্যোক্তা তৈরি করেছেন, প্রকল্পের সঙ্গে সঙ্গে আজ আপনাদেরও প্রশিক্ষক সমন্বয়ক হিসাবে দায়িত্ব শেষ হচ্ছে। কোভিড চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আপনাদের জন্যই প্রকল্পটি সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভাব হয়েছে। এতদিন আপনারা নিজে উদ্যোক্তা তৈরি করেছেন, এবার নিজেদের উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হতে হবে।
প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান বলেন, ‘তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালে দেশব্যাপী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দুই বছর মেয়াদি এ প্রকল্পের যাত্রা শুরু হয়। প্রায় ৫০ কোটি টাকার এ প্রকল্পের অধীনে দেশের ৬৪টি জেলায় উদ্যোক্তা তৈরির কার্যক্রম গ্রহণ করা হয়।
সদ্য শেষ হওয়া প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী ২৪ হাজার ৯০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যার মধ্যে ৪ হাজার ৩৩৭ জন নতুন উদ্যোক্তা তাদের ব্যাবসায়িক যাত্রা শুরু করেছেন এবং নতুন উদ্যোক্তারা বেসরকারিভাবে ১ হাজার ৯৪ কোটি টাকা বিনিয়োগ করেছেন। যা দেশের অর্থনীতিকে আরও দৃঢ় করবে।
সানবিডি/এএ