মহামারি করোনার সংক্রমণ রোধে টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার বিকেল ৩টা ৫৫ মিনিটে তিনি রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা গ্রহণ করেন।
তার এ টিকা গ্রহণের তথ্য সাংবাদিকদের জানান চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ।
এ বিষয়ে শায়রুল কবির খান জানান, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে টিকা নেওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন বিএনপি চেয়ারপারসন। বিকাল পৌনে ৪টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। গণমাধ্যমকর্মীসহ বিপুল নেতাকর্মীদের অবস্থান থাকায় তাকে হাসপাতালের ভেতরে নিতে বেগ পেতে হয়। প্রায় ২০ মিনিট পর খালেদা জিয়াকে একটি হুইল চেয়ারে ভেতরে নেওয়া হয়। টিকা নেওয়ার পর বিকাল ৪টা ১০ মিনিটের দিকে বাসার উদ্দেশে রওনা করেন খালেদা জিয়া।
এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। সরেজমিনে দেখা যায়, সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের ভিড়ের কারণে খালেদা তাকে গাড়ি থেকে নামানো হয়নি। গাড়িতে বসিয়েই তাকে করোনার টিকা দেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।
সানবিডি/এনজে