
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজ করছে বায়ুচাপের তারতম্যের আধিক্য। সেখানে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
আগামী দুয়েক দিনে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার আভাসও দেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় টেকনাফে দেশের সর্বোচ্চ ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে।
শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
সানবিডি/এএ