হোম টেক্সটাইল পণ্য রপ্তানি বেড়েছে ১৬.৬৮%

প্রকাশ: ২০১৬-০১-২১ ১০:০৭:২৬


Hometex২০১৫-১৬ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে হোম টেক্সটাইল পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৩৪ কোটি ৮৪ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। যা রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ দশমিক ৪৪ শতাংশ কম। একইসঙ্গে গত ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ের তুলনায় এই খাতে রপ্তানি আয় বেড়েছে ১৬ দশমিক ৬৮ শতাংশ।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে হোম টেক্সটাইল পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ৮০ কোটি ৪৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। চলতি অর্থবছরে এই খাতের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮৫ কোটি মার্কিন ডলার। গত অর্থবছরের প্রথম ৬ মাসে হোম টেক্সটাইল পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ২৯ কোটি ৮৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে এই খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪০ কোটি ২৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এর বিপরীতে আয় হয়েছে ৩৪ কোটি ৮৪ লাখ ৩০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ দশমিক ৪৪ শতাংশ কম।

চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে হোম টেক্সটাইল পণ্যের মধ্যে বিছানা ও রান্নাঘরের পণ্য রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৬ কোটি ৪ লাখ ৭০ লাখ মার্কিন ডলার। একই সময়ে এই খাতে আয় হয়েছে ২৩ কোটি ৯২ লাখ ১০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ১৬ শতাংশ কম। একইসঙ্গে গত অর্থবছরের প্রথম ৬ মাসের তুলনায় এই খাতে বৈদেশিক মুদ্রার আয় ৫ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। ২০১৪-১৫ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত সময়ে বিছানা ও রান্নাঘরের পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ২২ কোটি ৬০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

অন্যান্য হোম টেক্সটাইল পণ্য রপ্তানিতে ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে আয় হয়েছে ১০ কোটি ৯২ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এখাতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৪ কোটি ২০ লাখ ৭০ মার্কিন ডলার। গত ২০১৪-১৫ অর্থবছরে এই খাতে আয় হয়েছিল ৭ কোটি ২৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে এই খাতের পণ্য রপ্তানি ৫০ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ফুটওয়্যার পণ্য রপ্তানিতে ২০১৪-১৫ অর্থবছরে আয় হয়েছিল ১৮ কোটি ৯৪ লাখ মার্কিন। চলতি অর্থবছরে এই খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে ফুটওয়্যার পণ্য রপ্তানিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ৮৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আলোচ্য সময়ে এই খাতে আয় হয়েছে ১১ কোটি ৬৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৮ দশমিক ৬৬ শতাংশ বেশি। একইসঙ্গে গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই খাতে বৈদেশি মুদ্রার আয় ৬০ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ৬ মাসে এই খাতে আয় হয়েছিল ৭ কোটি ২৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।