কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছেন স্থানীয়রা। একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে সাপটি। বৃহস্পতিবার (২৯ জুলাই) মধ্যরাতে জেলার চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে সাপটি।
স্থানীয়রা জানান, অজগর সাপটি রাতে ধানখেতে থাকা জালে আটকা পরে। বিষয়টি জানাজানি হলে জাল কেটে স্থানীয়রা সাপটি বাড়ি নিয়ে আসে। এরপর দূর-দূরান্ত থেকে অনেক মানুষ দেখতে আসে সাপটি।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মনজুরুল হক জানিয়েছেন, উদ্ধার করা বিশাল অজগর সাপটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজেশপুর ইকো পার্কে সাপটি অবমুক্ত করা হবে।
কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম জানিয়েছেন, সম্ভবত সাপটি খাবারের খোঁজে চলে এসেছিল সমতল ভূমিতে। স্থানীয়রা সাপটি উদ্ধার করে বন বিভাগরে কাছে হস্তান্তর করেছে। শারীরিক পরীক্ষার পর সাপটি সুস্থ থাকলে রাজেশপুর জঙ্গলে অবমুক্ত করা হবে।
সানবিডি/আরএইচ