ঢাকায় ফেরার পথে টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকালে ও সন্ধ্যা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ও দেওহাটাতে এই দুই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহাসড়কের গোড়াই এলাকায় বিকেল পাঁচটায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে ছোট বোনকে নিয়ে গার্মেন্টসকর্মী গোলাম হোসেন (৩০) ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে গোড়াই এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান গোলাম হোসেন।
আর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দ্বিতীয় দুর্ঘটনা ঘটে মহাসড়কের দেওহাটা নামক স্থানে। টাঙ্গাইলের মধুপুর থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে দেবরের সঙ্গে ঢাকা যাচ্ছিলেন গার্মেন্টসকর্মী নাজমা বেগম (২৮)। মহাসড়কের ওই স্থানে পৌঁছার পর ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান নাজমা বেগম। তিনি মধুপুরের আকাশি গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।
দুই দুর্ঘটনার কথা গণমাধ্যমকে নিশ্চিত করে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক আদম আলী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
সানবিডি/আরএইচ