
১০ জানুয়ারির কথা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটে শীতের আয়েসি মহড়া। সেই মহড়ায় সামিল দেশের ২৬টি (১২টি সরকারি, ১৪টি বেসরকারি) বিশ্ববিদ্যালয়ের ২৯ জন শিক্ষক-শিক্ষিকা। যেন মনে হচ্ছিল কোনো মিলনমেলা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল মান্নান যখন ‘কিছু একটা’ উদ্বোধন করতে এলেন, তখনই ভ্রম কাটল। বোঝা গেল, এটা একটা প্রশিক্ষণ কর্মশালা- ‘টিচিং মেথডস এন্ড টেকনিকস’।
প্রশিক্ষণ কর্মশালাটি শেষ হয়েছে ২১ জানুয়ারি। সমাপনী দিনে কর্মসূচীর পরিচালক প্রফেসর ড. মোজাহের আলী এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের AIFS প্রধান প্রফেসর ড. শংকর কুমার রাহা টিচিং, লার্নিং এবং অ্যাসেসমেন্টের বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেন। সেই সঙ্গে অংশগ্রহণকারী শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে সনদপত্র বিতরণ করেন।
আনুষ্ঠানিকতার পর বেজে ওঠে বিদায়ী সুর। টানা ১২ দিন ক্লাস-ক্যাম্পাস ছেড়ে শিক্ষকরা দূরে থাকলেও সবার মাঝে সৃষ্টি হয় নতুন একটা ‘বন্ধন’। বিকেল তিনটে নাগাদ সেই বন্ধন ছিন্ন হয় ঠিকই, তবে রেশটা রয়ে গেছে এখনো। অনেকদিন থাকবেও হয়তো। কারো কারো জন্য আজীবন!
সানবিডি/ঢাকা/আহো