করোনা মোকাবিলায় যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে ভারতের উপহার লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের প্রথম চালান দেশে পৌঁছেছে। শনিবার (৭ আগস্ট) ভারতের পেট্রাপোল থেকে প্রথম চালানের ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে পৌঁছায়।
উপহার হিসেবে বাংলাদেশকে ১০৯ টি লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্স দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে তিনি এ ঘোষণা দেন।
জানা গেছে, বেনাপোল বন্দর থেকে অ্যাম্বুলেন্সগুলো ছাড়পত্র নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। এ গুলো উপহারের প্রথম চালান। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে জানা গেছে। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে রয়েছে ভেন্টিলেশন সুবিধা।
বেনাপোল কাস্টম হাউসের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, ‘ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে শনিবার বেনাপোল বন্দরে ৩০টি অ্যাম্বুলেন্স এসেছে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে এসব অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স আসার জন্য উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট কাস্টমস কার্গো শাখায় গেটপাশ (আইজিএম) এনট্রি করেছে। বন্দর থেকে অ্যাম্বুলেন্সগুলো ছাড়পত্র নেওয়ার জন্য কাজ করছেন তারা।’
সানবিডি/আরএইচ