
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে এগিয়ে যেতে হলে ব্যবসা সহজ করার বিকল্প নেই। বাংলাদেশ সরকার ব্যবসা-বাণিজ্যের জন্য কোম্পানি রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে সময়, খরচ কমাতে এবং আনুষ্ঠানিকতা সহজ করার জন্য নানা উদ্যোগ নিয়েছে। এর স্বীকৃতি স্বরূপ যৌথ মুলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরকে (আরজেএসসি) প্রধানমন্ত্রী ২০২১ সালের জনপ্রশাসন পদকে ভূষিত করেছেন।
রোববার (৮ আগস্ট) সচিবালয়ের নিজ অফিস থেকে ভার্চুয়ালি বিজনেস ইনোসিয়েটিভ লিডিং ডিপার্টমেন্ট (বিল্ড) এবং ইউএসএইড যৌথভাবে আয়োজিত ‘রিমুভিং টাইম, কষ্ট অ্যান্ড প্রসেস রিলেটেড বটেলনেকস ইন কোম্পানি রেজিষ্ট্রেশন ইন বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
বিল্ড চেয়ারপারসন আবুল কাশেম খানের সঞ্চালনায় ওয়েবিনারে বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিল্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ফিড দি ফিউচার অফিস অফ ইকোনমিক গ্রোথ ইউএসএইড এর ভারপ্রাপ্ত ডেপুটি অফিস ডিরেক্টর রেবেকা মোনিকেয়ালা, ফিড দি ফিউচার বাংলাদেশ ইমপ্রুভিং ট্রেড অ্যান্ড বিজনেস ইনাবলিং এনভায়রনমেন্ট অ্যাকটিভিটির ভারপ্রাপ্ত চিফ অফ পার্টি ইউএসএইড মার্ক শিমান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে কোম্পানি রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে অটোমেশন চালু করা হয়েছে এবং সেই সঙ্গে অনেক সংস্কার করা হয়েছে। নির্দিষ্ট আইনের আওতায় আরজেএসসি কাজ করে থাকে। এখন ডিজিটাল পদ্ধতিতে অল্প সময়ে এবং কম খরচে ব্যবসায়ীরা কোম্পানি রেজিষ্ট্রেশন সেবা পাচ্ছেন। আগামীতে এ সুবিধা আরও বাড়বে। ‘ইজ অফ ডুয়িং বিজনেস’ এ বাংলাদেশের অবস্থার অনেক উন্নতি হয়েছে, আরও হবে। এজন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনার আনুষ্ঠানিকতা অনেক সহজ হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু সময় ও খরচ কমানো নয়, আগামীতে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ইজ অফ ডুয়িং বিজনেস এ আরও দৃশ্যমান উন্নতির জন্য সরকার কাজ করে যাচ্ছে। দেশের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা এখন ডিজিটাল রেজিষ্ট্রেশন ব্যবস্থার সুবিধা ভোগ করছেন।
এএ