নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার কাজির বাজার এলাকার মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকাতে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা সাহাব উদ্দিন ও আদম আলী নামে দুই জেলে মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন।
রোববার (8 আগস্ট) সন্ধ্যায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়নের পূর্ব ধরনা ভাঙা গ্রামের হারুন শিকদারের ছেলে সাহাব উদ্দিন (২৫) ও একই গ্রামের নুরুল ইসলাম বেপারীর ছেলে আদম আলী (৩৫)।
সোমবার (০৯ আগস্ট) সকালে তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নৌকার মালিক হারুন শিকদার জানান, রোববার ভোরে মেঘনা নদীতে মাছ ধরতে যান সাহাব উদ্দিন ও আদম আলীসহ ৮ জন জেলে। দুপুর থেকে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়। বিকেলের দিকে বৃষ্টি বাড়তে থাকে। সন্ধ্যায় জেলেরা কাজির বাজার এলাকার মেঘনা নদীতে মাছ ধরছিল। এসময় বৃষ্টির মাত্রা বেড়ে গিয়ে বজ্রপাত শুরু হয়। কিছুক্ষণ পর নৌকাটি হঠাৎ বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলে সাহাব উদ্দিন ও আদম আলী মারা যান। আহত হয় সেন্টু ব্যাপারী ও সাইফুল হালদার নামে আরো দুই জেলে। চিকিৎসা চললেও এখনও স্বাভাবিক হতে পারেননি তারা। বজ্রপাতে ট্রলারের ইঞ্জিন, সোলারসহ অন্যান্য মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। সকালে গ্রামের বাড়ি বরিশালে তাদের দুইজনের মরদেহ দাফন করা হয়েছে।
সানবিডি/আরএইচ