
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস-২০২১ উদযাপন উপলক্ষে শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লি. (সিএসই) ।
শুক্রবার (১৩ আগস্ট) ভার্চুয়ালি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এর সম্মানিত কমিশনার ড. মিজানুর রহমান, আলোচক হিসেবে ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. এর সম্মানিত চেয়ারম্যান, মো. ইউনুসুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. এর সম্মানিত পরিচালক, রকিবুর রহমান এবং সিএসই এর সম্মানিত পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই এর সম্মানিত চেয়ারম্যান আসিফ ইব্রাহিম । এতে আরো অংশগ্রহণ করে, সকল ট্রেক এর সম্মানিত সদস্য এবং রিপ্রেজেনটেটিভগণ, সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এর সাংবাদিকবৃন্দ এবং সিএসই এর ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. এর সম্মানিত চেয়ারম্যান, মো. ইউনুসুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু দেশ দিয়েছেন, পতাকা দিয়েছেন। অনেক প্রত্যাশা ছিল তাঁর কাছে। তাঁর কাজের সুফল ৫০ বছর পরে পাচ্ছি । বঙ্গবন্ধুর কথা বললে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রসঙ্গ এসে যায় । বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে জাতীয় যে কোন ক্রান্তিকালে তিনি সব সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়ে বিশেষ ভূমিকা পালন করেছেন । এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, ০৭ ই মার্চ এর ভাষণের আগে যখন বঙ্গবন্ধু তার বক্তব্য প্রদানে বিশেষ চিন্তিত ছিলেন তখন বঙ্গমাতা বঙ্গবন্ধুকে উপস্থিত বুদ্ধিতে বক্তব্য প্রদানের সাহস যুগিয়েছেন ।”
ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. এর সম্মানিত পরিচালক, রকিবুর রহমান বলেন, “ মাটির মানুষ ছিলেন বঙ্গবন্ধু । আজকের আমার অবস্থানের পেছনে রয়েছে বঙ্গবন্ধুর বিশেষ অবদান । বঙ্গবন্ধুর সাথে প্রত্যক্ষভাবে এবং একই সাথে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করার সুযোগ তার জীবনে বিশেষ অর্জন । সেই প্রেক্ষাপটে আজও শেখ রাসেল পরিষদ এর সভাপতি হয়ে দেশ সেবার সুযোগ পেয়েছেন এবং করে যাচ্ছেন । পুজিঁবাজারে বর্তমান প্রধানমন্ত্রীর অবদান অনস্বীকার্য । প্রধানমন্ত্রী চান পুঁজিবাজার আরো ভালো হউক , ব্যাংক নয় পুজিঁবাজার হোক অর্থ উত্তোলণের উপযুক্ত স্থান ।”
সিএসই এর সম্মানিত পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, বঙ্গবন্ধু আমাদের চেতনা এবং বলিষ্ঠ নেতৃত্বের অবদান দেশের সর্বদা বিরাজমান । আমরা শ্রদ্ধাভরে স্মরন করছি তাঁর প্রতিটি পদক্ষেপকে এবং তাঁর ও তাঁর পরিবারের সবার আত্মার মাগফেরাত কামনা করছি ।
প্রধান অতিথি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এর সম্মানিত কমিশনার ড. মিজানুর রহমান বলেন, এখন আগস্ট মাস। শোকের মাস। এই মাসের ১৫ তারিখ হলো বাঙ্গালি জাতির জন্য শোক দিবস । এই দিনটিতে কতিপয় বিপথগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে সপরিবারে নিহত হন বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর স্বাধীনতাবিরোধীরা এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় পুনর্বাসিত হতে থাকে । তারা এ দেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে নানা উদ্যোগ নেয় । শাসকদের রোষানলে বঙ্গবন্ধুর নাম উচ্চারণও যেন নিষিদ্ধ হয়ে পড়েছিল । বঙ্গবন্ধু হত্যার বিচার ঠেকাতে কুখ্যাত ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ জারি করেছিল । দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসীন হলে ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ উন্মুক্ত করা হয় । শত প্রতিবন্ধকতার পরও এগিয়ে নিয়ে যাচ্ছেন সামনের দিকে । ১৯৭২ সালে অর্থনীতির আকার মাত্র আট বিলিয়ন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্য। সঞ্চয় জিডিপির মাত্র ৩ শতাংশ। বিনিয়োগ জিডিপির ৯ শতাংশ । জিডিপি এখনকার চেয়ে বেশি ছিল । গত ১২ বছরে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে সফলতার চূড়ায় নিয়ে গেছেন। বঙ্গবন্ধু যে লক্ষ্য নিয়ে দেশ গঠন করেছিলেন, সে সুন্দর জায়গায় আমরা পৌঁচাচ্ছি । করোনার সময়েও ইন্ডিয়ার অর্থনীতি যেখানে হোচঁট খেয়েছে সেখানে আমাদের নেত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি ।
এতে সভাপতিত্ব করেন সিএসই এর সম্মানিত চেয়ারম্যান আসিফ ইব্রাহিম , তিনি তার বিস্তারিত আলোচনায় বলেন, আজ এই বিশেষ দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি ৩০ কোটি শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। স্বাধীনতার অর্ধশত বছর আমরা পার করেছি। দেশ এগিয়ে গেছে স্বপ্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে। আজ আমরা একত্রিত হয়েছি বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম নিয়ে কিছুটা আলোকপাত করতে । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ইতিহাস মানে, স্বাধীন বাংলাদেশের ইতিহাস । তার জীবন ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাস জড়িত । এই মহান মানুষটি জীবনে যাই করেছেন তার সবই দেশের জন্য করেছেন । তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল দেশের স্বার্থে ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ