তালেবানদের অব্যাহত আক্রমণ থেকে বাঁচাতে ২০ হাজারের বেশি আফগানকে আশ্রয় দেবে কানাডা।
কানাডার অভিবাসনমন্ত্রী মার্কো মেনডিসিনো শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
কানাডায় যাদের আশ্রয় দেওয়া হবে, সেই তালিকায় আছেন- নারীনেত্রী, মানবাধিকারকর্মী, সাংবাদিক, নিপীড়নের শিকার সংখ্যালঘু সম্প্রদায় ও সমকামীরা।
এ বিষয়ে মার্কো মেনডিসিনো বলেন, আফগানিস্তানে কানাডা সরকারের হয়ে কাজ করেছেন—এমন দোভাষী, দূতাবাসের কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের কানাডায় বসবাসের সুযোগ দেওয়ার পদক্ষেপ আগেই নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার নতুন এ সিদ্ধান্ত নেওয়া হলো।
কবে থেকে এই নির্দেশ কার্যকর হবে, সে সম্পর্কে কিছু জানাননি তিনি।
আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে মার্কো মেনডিসিনো বলেন, দিন দিন আফগানিস্তানের একের পর এক এলাকা দখলে নিচ্ছে তালেবান। এর জের ধরে দেশটির অনেক বাসিন্দার জীবন হুমকির মুখে পড়ছে।
মার্কো মেনডিসিনো বলেন, আফগানিস্তানে চলমান সহিংস পরিস্থিতিতে যারা ঝুঁকিতে রয়েছেন, তারাই আপাতত বসবাসের সুযোগ পাবেন।
সানবিডি/এনজে